গুগল অ্যাসিস্ট্যান্টের নতুন ফিচার ‘গুয়াকামোলে’
‘হেই গুগল’ বলা ছাড়াই গুগলকে ভয়েস কমান্ড দেওয়ার ফিচার পরীক্ষা দেখছে সার্চ জায়ান্ট গুগল। ফিচারটির কোড নেম ‘গুয়াকামোলে’।
প্রযুক্তিবিষয়ক সাইটগুলো জানিয়েছে গুগল অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণের সেটিংসে এবং অ্যান্ড্রয়েড ১১ চালিত ডিভাইসের ব্যবহারকারীরা নিজ নিজ অ্যাপ্লিকেশনে পেয়েছেন গুয়াকামোলে ফিচারটি। ধারণা করা হচ্ছে, যে কর্মীরা নতুন এই ফিচারটি পরীক্ষা করছেন, তারাই শুধু ফিচারটিতে প্রবেশাধিকার পেয়েছেন।
জানা গেছে, গুয়াকোমোলে অপশনটিতে ক্লিক করলেই ভয়েস শর্টকাট পেজ এসে হাজির হচ্ছে। সেখানে ব্যবহারকারীরা জানতে পারছেন, এটি চালু করে নিলে ‘হেই গুগল’ আর বলতে হবে না।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যমগুলোর দেয়া তথ্য অনুযায়ী অন্তত মার্চের শুরু থেকে গুয়াকামোলে ফিচারটি নিয়ে কাজ করছে গুগল। আদৌ পরবর্তীতে নতুন এই ফিচারটি বড় পরিসরে আসবে কি না, তা এখনও অনিশ্চিত।







